
স্টাফ রিপোর্টার : বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু।
টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. সেলিম মিঞা, টাঙ্গাইল ‘ ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালন সাঁইয়ের জীবন, দর্শন, মানবতাবাদী চিন্তাধারা এবং বাংলা লোকসংস্কৃতিতে তাঁর অবদান তুলে ধরা হবে। লালন সাঁইয়ের গান ও দর্শন যুগে যুগে মানুষকে অসাম্প্রদায়িকতা, মানবপ্রেম এবং সাম্যের শিক্ষা দিয়ে আসছে। তাঁর সৃষ্টিকর্ম বাংলার লোকসংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
আয়োজকরা জানান, লালন সাঁইয়ের জীবনদর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply