
নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি, পরিচ্ছন্নতা কার্যক্রম, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
জেলা প্রশাসক কার্যালয় থেকে সচেতনতামূলক র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এর আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং নিজের হাতে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।পরে হাসপাতাল মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply