1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

গোপালপুরে পাঁচ পা নিয়ে জন্ম নিল গরুর বাছুর, এলাকাজুড়ে চাঞ্চল্য

শেখ মাহদী হাসান শিবলী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পঠিত

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জন্ম নিয়েছে একটি বিরল আকৃতির গরুর বাছুর, যার রয়েছে স্বাভাবিক চার পায়ের পাশাপাশি একটি অতিরিক্ত পা। ব্যতিক্রমী এ ঘটনার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আশপাশের গ্রাম থেকে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন বাছুরটিকে এক নজর দেখার জন্য।

ঘটনাটি ঘটেছে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়া পাড়া গ্রামে। স্থানীয় কৃষক মো. শাহীন মিয়ার গাভী গত শনিবার সন্ধ্যায় একটি বাছুর প্রসব করে। বাছুরটির সামনের অংশে স্বাভাবিক দুইটি পায়ের পাশাপাশি একটি অতিরিক্ত পা রয়েছে, আর পিছনে রয়েছে দুটি পা—মোট পাঁচটি পা নিয়ে জন্ম নেওয়া এ বাছুরটি তিন পায়ের ভরেই চলাফেরা করছে।

প্রথমে বিষয়টি দেখে মালিক পরিবার ভীত হলেও পরে বুঝতে পারেন এটি কোনো রোগ নয়, বরং একটি বিরল জেনেটিক বৈশিষ্ট্য। বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন বলেন, “গরুর পাঁচ পা হয়—এটা জীবনে কখনও দেখিনি, বিশ্বাসও করিনি। আজ নিজের চোখে দেখে আমি বিস্মিত।”
বাছুরটির মালিক মো. শাহীন মিয়া জানান, “এটি আমাদের পরিবারের জন্য এক নতুন অভিজ্ঞতা। অনেকে বলছেন এটি সৌভাগ্যের প্রতীক। আমরা বাছুরটির প্রতি বিশেষ যত্ন নিচ্ছি।”

এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্শেদ বলেন, “এটি জেনেটিক মিউটেশনের (বংশগত রূপান্তর) কারণে হয়ে থাকতে পারে। পৃথিবীতে এমন ঘটনা খুবই বিরল হলেও মাঝেমধ্যে দেখা যায়। তবে যদি বড় কোনো শারীরিক জটিলতা না থাকে, তাহলে এতে সাধারণত প্রাণীর স্বাস্থ্যে বড় কোনো সমস্যা হয় না।”

বাছুরটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই গোপালপুরে তৈরি হয়েছে নতুন এক কৌতূহলের কেন্দ্রবিন্দু। ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি স্থান পেয়েছে বিভিন্ন অনলাইন ও স্থানীয় সংবাদ মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost