1. online@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. info@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@tangail.tv : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী টুকু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের অনুষ্ঠানটি অসাধারণ। এখানে উপস্থিত থাকতে পারলে আমার নিজেরও ভালো লাগতো। ঢাকায় ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত হতে পারিনি। সকলের প্রতি শুভকামনা রইলো।’

তিনি বলেন, ‘আগামী দিনে আমরা সকলে মিলে এই টাঙ্গাইলকে কীভাবে সুন্দর করা যায়, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের পাশে থাকবো সবসময়।’

সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের পেশা অত্যন্ত সম্মানিত এবং দায়িত্বশীল পেশা। দায়িত্বশীলতার সঙ্গে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন। সঠিক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জাতি ও দেশ গঠনের কাজে আপনারা সহযোগিতা করবেন।’

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান, কাদির তালুকদার, সোহেল তালুকদার, কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আল মামুন। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতায় সুস্থ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। অপসাংবাদিকতা রোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের মিলন মেলা ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মফস্বলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি টাঙ্গাইল জেলার উন্নয়ন সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।

পরে দিনব্যাপী এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময়, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশের এক মিলন মেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost